উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের চাঞ্চল্য। তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত সাহেবের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। প্রশ্ন উঠতে শুরু করেছে—খুনের বদলা খুন?
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাহেব। স্থানীয় রাহুতা এলাকার একটি খাল থেকে শুক্রবার বিকেলে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই খালের পাশেই মিলল লাশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে, পরিবারের তরফে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর ওই এক্সপ্রেসওয়ের ধারেই মাংস ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী হীরা কুরেশির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ উঠেছিল পুরনো শত্রুতার জেরেই হীরাকে খুন করা হয়েছে। সেই ঘটনায় সাহেবের নাম উঠে আসায় পুলিশ তাঁকে খুঁজছিল। কিন্তু ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
অবশেষে চার দিনের মাথায় মিলল তাঁর দেহ, একই এলাকা থেকে। সাহেবকে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে হীরার খুনের সঙ্গে সাহেবের মৃত্যুর যোগ কতটা, সেটাই এখন তদন্তের মূল কেন্দ্র। দু’টি পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন তদন্তকারীরা।
এলাকায় টান টান উত্তেজনা। খুনের বদলা খুন নাকি অন্য কোনও রহস্য, উত্তর খুঁজছে পুলিশ।







