জেলা

টানা বৃষ্টিতে বদল সফরসূচি, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু; নজরে রেজিনগরের সভা

বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেও আবহাওয়ার উন্নতির কোনও লক্ষণ না থাকায় নির্ধারিত আকাশপথের সফর বাতিল করে সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে তাঁর কনভয়। নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা যাত্রাপথেই ছিল কড়া পুলিশি ব্যবস্থা।

মুখ্যমন্ত্রী হিসেবে এটাই শুভেন্দু অধিকারীর প্রথম মুর্শিদাবাদ সফর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথমে বহরমপুরের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। দিনের শেষ কর্মসূচি হিসেবে রেজিনগরে একটি দলীয় সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, রেজিনগরই আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক ঘাঁটি।

প্রসঙ্গত, গত ২৯ জুন বিধানসভায় হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “আমার মনে হয়েছে, এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে আগে যা ইচ্ছা করেছেন, যা খুশি বলেছেন। এখন সেই পরিস্থিতি নেই। হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিএনএস-এর বিভিন্ন ধারায় দু’টি মামলা দায়ের হয়েছে। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি এক সপ্তাহের মধ্যেই মুর্শিদাবাদে যাচ্ছি। এই দেশে আইনই শেষ কথা বলে, কোনও ব্যক্তি নয়।”

এই মন্তব্যের পর রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.