খেলাধুলা

আকিব-গুর্নুরের বোলিং তোপে ১৩৪ রানেই শেষ নিউজিল্যান্ড, সিরিজ জয়ের পথে ভারত

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ নিউজিল্যান্ড। আকিব নবির দুরন্ত সুইং এবং গুর্নুর ব্রারের গতিময় বোলিং ও অতিরিক্ত বাউন্সের সামনে কার্যত অসহায় হয়ে পড়ল কিউয়িরা। মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে গেল মিচেল স্যান্টনারদের ইনিংস। একমাত্র ড্যারিল মিচেল হাফসেঞ্চুরি না করলে পরিস্থিতি আরও শোচনীয় হতে পারত। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ দখলের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতের সামনে। তবে এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলির ৮৭তম আন্তর্জাতিক শতরান দেখার সম্ভাবনা থাকছে না।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি পরে শুরু হয় ম্যাচ। খেলা কমিয়ে ৪৭ ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন পরিস্থিতিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। আর নিউজিল্যান্ডের মাটিতেই তাদের চেনা অস্ত্র ব্যবহার করে কিউয়ি ব্যাটিংকে কার্যত ধসিয়ে দিলেন ভারতীয় বোলাররা।

গত মরশুমে নবির সুইংয়ের সামনে সমস্যায় পড়েছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের ব্যাটাররা। এবার অনুকূল আবহাওয়া পেয়ে নিজের দক্ষতার পরিচয় দিলেন তিনি। বলের গতিবেগ খুব বেশি না হলেও শেষ মুহূর্তে সুইং করিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করেন নবি। তার সঙ্গে নিউজিল্যান্ডের পিচের স্বাভাবিক বাউন্সও কাজে লাগান তিনি। উইল ইয়ংয়ের উইকেট নেওয়ার ক্ষেত্রেও দেখা গেল সেই কৌশল। প্রথম বলেই বাউন্সে ব্যাটারকে অস্বস্তিতে ফেলেন। পরের বলের সুইং সামলাতে গিয়ে খোঁচা দিয়ে বসেন ইয়ং।

অন্যদিকে, ড্যারিল মিচেল যখন কিছুটা পালটা আক্রমণ শুরু করেন, তখন কৌশল বদলান গিল। উইকেটকিপার কেএল রাহুলকে স্টাম্পের কাছে এগিয়ে আনেন তিনি। ফলে বল সুইং করার আগেই ক্রিজের বাইরে বেরিয়ে খেলার সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের বলে ৫৫ রানে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল। ৩১ রান খরচ করে ২টি উইকেট পান আকিব নবি।

নবির মূল শক্তি যদি সুইং হয়, তাহলে গুর্নুর ব্রারের প্রধান অস্ত্র তাঁর গতি ও বাউন্স। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে নেন তিনি। পাশাপাশি ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে বিপাকে ফেলেন কিউয়ি ব্যাটারদের। ৩০ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন গুর্নুর। তাঁর শিকার হন টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার এবং নাথান স্মিথ। এছাড়াও অংশুল কাম্বোজ ও অক্ষর প্যাটেল দু’টি করে উইকেট সংগ্রহ করেন।

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৪ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে ভারতের সামনে জয়ের জন্য অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। এই রান অনায়াসেই তুলে নেবেন শুভমান গিলরা, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের। তবে বিরাট কোহলির ব্যাট থেকে ৮৭তম সেঞ্চুরি দেখার অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। উল্লেখ্য, আগের ম্যাচে ভারতের সামনে প্রথমে ১৮৬ রানের লক্ষ্য থাকলেও বৃষ্টির কারণে তা কমে দাঁড়িয়েছিল ১৪৩-এ। সেই ম্যাচে ৭৪ রান করে আউট হয়েছিলেন কোহলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.