বিনোদন

বড়পর্দায় কম উপস্থিতি, তবু রোজগারে প্রথম সারির নায়িকাদের টক্কর দিচ্ছেন সোফী চৌধরি! কীভাবে গড়লেন কোটি টাকার সাম্রাজ্য?

বলিউডে তাঁকে বড়পর্দায় খুব একটা দেখা যায় না। নতুন কোনও ছবির নায়িকা নন, প্রচারে থাকেন না বিতর্ক নিয়েও। তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী-গায়িকা সোফী চৌধরি। বিশেষ করে তাঁর বিলাসবহুল জীবনযাপন, নামী ব্র্যান্ডের পোশাক, বিদেশি সফর—সবকিছুই চমক জাগায় অনুরাগীদের মনে। অনেকেই প্রশ্ন তোলেন, বড়পর্দায় অনিয়মিত উপস্থিতি সত্ত্বেও ঠিক কীভাবে এত আড়ম্বরপূর্ণ জীবন কাটান সোফী?

সাম্প্রতিক উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ বিয়েবাড়িতে যোগ দিয়েছিলেন তিনি। যেখানে বিশেষ পারফরম্যান্স করতে হাজির হন আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজও। সেই অনুষ্ঠান ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, “একটা ছবিতেও দেখা যায় না, তা হলে কী করেন?” কেউ আবার কটাক্ষ করে লেখেন, “ছবি নেই, এ দিকে এত টাকা আসে কোথা থেকে?” এই ধারাবাহিক নেতিবাচক মন্তব্যে আর নীরব থাকেননি সোফী। যথেষ্ট দৃঢ় সুরে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

অভিনেত্রী জানান, গত ১৭ বছর ধরেই তিনি দেশের প্রথম সারির সঞ্চালিকা ও পারফরমার হিসেবে কাজ করছেন। তাঁর কথায়, “আমি বছরের পর বছর গানের অনুষ্ঠান করেছি। দেশের নম্বর ওয়ান ফিমেল হোস্ট হিসেবে বিভিন্ন কর্পোরেট শো, উচ্চবিত্ত বিয়েবাড়ি, সম্মেলন, আন্তর্জাতিক লাইভ ইভেন্ট—সব ক্ষেত্রেই আমাকে ডাক পড়ে। বলিউডে যে প্রতিযোগিতা, তা সবারই জানা। একজন নায়িকার সামনে পরিচিতি পেতে যে সময় লাগে, সঞ্চালিকা বা পারফরমারের ক্ষেত্রে পরিশ্রমটা ঠিক ততটাই, বরং অনেক সময় আরও বেশি।”

সোফী আরও দাবি করেন, বলিউডের প্রথম সারির অনেক নায়িকার থেকেও তাঁর আয় বেশি। তাঁর মতে, তিনি যে স্কেলের ইভেন্টে কাজ করেন, সেখানে পারফরমারদের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো। তাই বড় পর্দায় নিয়মিত না থাকলেও, নিজের দক্ষতা ও পেশাদারিত্বের উপর ভরসা করেই তিনি গড়ে তুলেছেন কোটি টাকার ক্যারিয়ার। সোফীর স্পষ্ট বার্তা—“আমার সাফল্য আমার পরিশ্রমেরই ফল। বড়পর্দা না থাকলেও আলোছায়ার বাইরে নই আমি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.