গত কয়েকমাসে বহুবারই বিতর্ক ছড়িয়েছে সদ্য সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের মন্তব্যে । তাকে বহুবার সতর্ক করা সত্ত্বেও , তাকে থামানো যায়নি । এমন আবহেই আরো বিতর্ক ছড়ায় , মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে । যা নিয়ে দল থেকে সাসপেন্ডও হতে হয়েছে হুমায়ূন কবীরকে । আর সাসপেন্ড হওয়ার পরই আরো বিস্ফোরক হুমায়ূন । তিনি হুশিয়ারিও দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে । কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে , শুধুকি বাবরি মসজিদের কারণেই সাসপেন্ড করা হলো হুমায়ূনকে ? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কুণাল ঘোষ ।
কুণাল বলেন , “বাংলায় কোনও ব্যক্তি কিংবা ব্যক্তিগণ তাঁদের জায়গায় মন্দির, মসজিদ, গির্জা কিংবা তাঁদের ধর্মের আরাধনার জায়গা করতেই পারেন। তার জন্য তাঁকে বহিষ্কার বা তাঁর প্রতি কোনও শাস্তিমূলক কোনও ব্যবস্থা এগুলো হতে পারে না। এগুলো কখনও তৃণমূল কংগ্রেস করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু, যদি কোনও ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পা দিয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনও ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। তিনি যদি দলবিরোধী কাজ করেন কিংবা সাংগঠনিকভাবে দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন। সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না।”
কুণালের আরো বক্তব্য , “তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে। কিন্তু, কিছু লোক যখন ধর্মের নামে রাজনৈতিক ইভেন্ট করে, যেমন অমুক কণ্ঠে গীতা পাঠ। তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টের বিরোধিতা করার অবকাশ থাকে। তেমনই কেউ মসজিদ তৈরি করলে করতেই পারেন। কিন্তু, সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত কিংবা প্ররোচনার ফাঁদে পড়ে একটি রাজনৈতিক ইভেন্টে পরিণত হয় ও তার উদ্দেশ্য অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলার পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে কেউ যদি বলেন, আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হয়েছে, সেটা একদম মিথ্যা কথা। মন্দির, মসজিদ তৈরির জন্য তৃণমূল ব্যবস্থা নেয়নি, নেবে না।”







