দানবাক্সের অর্থ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। এবার থেকে মন্দিরে প্রতিদিন দানবাক্স ও অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাঙ্কে জমা দিতে হবে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাল পদ্ধতি চালু, পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বড় অঙ্কের লেনদেনে চেক ব্যবহারের মতো একাধিক নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
বিগত কয়েক বছর ধরে মন্দিরে জমা হওয়া দানের অর্থ নিয়মিত ব্যাঙ্কে জমা না হওয়ার অভিযোগ সামনে আসে। সম্প্রতি একসঙ্গে প্রায় আড়াই কোটি টাকা মন্দির কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। এরপরই নবগঠিত মন্দির কমিটি আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সংগৃহীত সমস্ত দান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। কোনও কারণে ব্যাঙ্ক বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসেই সেই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মন্দিরের প্রতিটি তহবিলের জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হবে। এতে বিভিন্ন তহবিলের আয়-ব্যয়ের হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা সহজ হবে এবং আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।
মন্দির কমিটি জানিয়েছে, ধাপে ধাপে সমস্ত আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। এই কাজের জন্য প্রয়োজনীয় কর্মীও নিয়োগ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় থাকা মন্দির কমিটির অফিস নির্মাণের কাজও দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়মে দৈনন্দিন ছোটখাটো খরচ নগদে করা গেলেও বড় অঙ্কের সমস্ত আর্থিক লেনদেন শুধুমাত্র চেকের মাধ্যমে সম্পন্ন হবে। এতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য নথি সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে অনিয়ম বা বিতর্কের সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করছে কমিটি।
বর্তমানে তারাপীঠ মন্দিরের তহবিল পরিচালনার জন্য পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, গত প্রায় দেড় দশক ধরে দানের অর্থ নিয়মিত ব্যাঙ্কে জমা করা হচ্ছিল না। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন মন্দির কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি হয়েছেন হাঁসন কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হয়েছেন সেবাইত পুলক চট্টোপাধ্যায়।
মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু করা হবে। একইসঙ্গে ডিজিটাল লেনদেনও শুরু হবে। তাঁর কথায়, প্রায় ১৫ বছর আগে এই ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। নতুন কমিটির মূল লক্ষ্য, মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করা।







