রাজনীতি

গিরি অতীত, শুভেন্দুর জেলায় তৃনমূলের ব্যাটন থাকতে পারে উত্তমের হাতে!

১৯৯৮ সালে তৃণমূলের(TMC) প্রতিষ্ঠালগ্নে অবিভক্ত মেদিনীপুরে দলের জেলার সভাপতি ছিলেন অখিল গিরি। পরে দলে এসে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি হন শিশির অধিকারী। তারপর নন্দীগ্রাম জমি আন্দোলনের সূত্রে জেলা তৃণমূলে অধিকারীদের উত্থান।

অখিল জরুরি পদে থাকলেও অধিকারীদের ছাপিয়ে যেতে পারেননি কখনওই। শিশির আর শুভেন্দু তখন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের নিয়ন্ত্রক। অধিকারীরা বিজেপিতে যাওয়ার পরে রামনগরের বিধায়ক অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশের ওপর তৃণমূল অনেকটাই ভরসা করেছিল। বলা ভাল, জেলায় দলের ব্যাটন অধিকারীদের হাত থেকে নিয়ে গিরিদের হাতেই দিয়েছিল দল। অখিলকে মন্ত্রী করার পাশাপাশি সুপ্রকাশকে কাঁথির পুরপ্রধান ও যুব সংগঠনের জেলার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেই গিরি পর্ব আপাতত অতীত। আর সেই জায়গায় পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূলের ব্যাটন যেতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের হাতে। জোড়াফুল মহলে এমনটাই ছড়িয়েছে জল্পনা।

অধিকারী ও গিরিরা পারিবারিক সম্পর্কে আবদ্ধ। কিন্তু গিরিরা কখনই অধিকারী হয়ে উঠতে পারেননি। কুকথার জেরে অখিল মন্ত্রিত্ব হারিয়েছেন। সুপ্রকাশ পদের স্তম্ভ থাকলেও রাজনীতির পর্যবেক্ষকদের অনুমান, তৃণমূলের অন্দরে তাঁর আরও বেশি উত্থানের পথ এখন রুদ্ধ হয়ে গেল। পরিবর্তে জেলার রাজনীতিতে তৃণমূলের অন্দরে ক্ষমতার রাশ যেতে বসেছে উত্তমের হাতে। কেননা উত্তম শুধু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বা পটাশপুরের তৃণমূল বিধায়ক নন, লোকসভা ভোটে কাঁথিতে তৃণমূলের প্রার্থীও হন তিনি। তবে না জিতলেও উত্তমের লড়াইকে কুর্নিশ জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের আরেক শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ মসৃণ। কিন্তু এই উত্তমের সঙ্গেই কার্যত সাপে-নেউলে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে গিরিদের। লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে হারের জন্য অখিলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন উত্তম। সেই সময় থেকেই অখিল-উত্তম সংঘাত চরমে ওঠে।

এখন অখিলের মন্ত্রিত্ব যাওয়ার পরে, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের অন্দরে উত্তমের পাল্লাই বেশ অনেকটাই ভারী হয়ে গেল। অনেকে এটাও মনে করছেন, রাজ্য মন্ত্রিসভার আসন্ন রদবদলে উত্তমের শিকে ছিঁড়তে পারে। শোনা যাচ্ছে, উত্তম মন্ত্রী হওয়ার পাশাপাশি তৃণমূলের কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলাতেও উত্তম শিবিরের নেতারাই দায়িত্ব পেতে চলেছেন। লোকসভায় জেলায় ভরাডুবির পরে ছাব্বিশের বিধানসভা ভোটে উত্তমকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুরে ঘুরে দাঁড়াতে চাইছে শাসকদল। অখিল জানিয়েছেন, মন্ত্রিত্ব গেলেও তিনি বিধায়ক হিসেবে কাজ করবেন। আর উত্তম জানিয়েছেন, ‘আমরা কেউই কিছু নয়। পথপ্রদর্শক একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতে যারা এদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাঁরা বাংলার রাজনীতিতে মুছে গিয়েছেন।’ আর এখানেই কার্যত উত্তম বুঝিয়ে দিয়েছেন, তিনি অখিলের পথে হাঁটবেন না। তবে যদি কোনওদিন অধিকারীরা তৃণমূলে ফেরেন তখন কিন্তু ক্ষমতা হারানোর মুখে পড়তে পারেন এই উত্তমই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.