কলকাতার বহু বছরের পরিচিত ছবি এবার বদলাতে চলেছে। দীর্ঘদিন ধরে বকরি ইদের প্রধান জামাত যেখানে রেড রোডে অনুষ্ঠিত হতো, এবার সেই আয়োজন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রাজ্যের নতুন প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, ইদের দিন হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ ব্রিগেডের মাঠেই একসঙ্গে নমাজ আদায় করবেন।
নবান্ন সূত্রে খবর, শহরের যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রেড রোড এলাকায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণেই ভবিষ্যতে সেখানে বড় জমায়েতের অনুমতি দেওয়া কঠিন হয়ে উঠেছিল।
জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের তরফে আগেই আয়োজকদের স্পষ্ট জানানো হয়েছিল যে সামরিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় ধর্মীয় বা অ-সামরিক বৃহৎ সমাবেশ আয়োজন নিয়ে আপত্তি রয়েছে। যদিও অতীতে বিশেষ পরিস্থিতিতে অনুমতি মিলেছিল, এবার প্রশাসনিক পরিবর্তনের পর সেই অবস্থানেই সিলমোহর পড়ল।
নতুন বিজেপি সরকার প্রকাশ্য রাস্তায় ধর্মীয় জমায়েত কমানোর নীতিতে অনড় থাকলেও, ধর্মীয় স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দিয়েই বিকল্প স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। প্রশাসনের দাবি, বিশাল জনসমাগম সামলানো, নিরাপত্তা বজায় রাখা এবং শহরের স্বাভাবিক যান চলাচল অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ব্রিগেডই সবচেয়ে উপযুক্ত জায়গা।
উল্লেখ্য, সম্প্রতি এই ব্রিগেডের মাঠেই বড় আকারের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফলে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও প্রশাসনের কাছে এই ময়দান এখন সবচেয়ে ভরসাযোগ্য বিকল্প বলেই মনে করা হচ্ছে।







