বিগ বস বাংলার বাড়িতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। এবার সেই আলোচনার কেন্দ্রে জিতু কমল ও সৃজলা গুহ। বাড়ির ভিতরে তাঁদের একসঙ্গে সময় কাটানো, একান্তে গল্প করা থেকে শুরু করে বিদেশ সফরের পরিকল্পনা—সব কিছু নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। দর্শকদের একাংশের নজর এখন এই দুই প্রতিযোগীর সম্পর্কের দিকে।
সম্প্রতি জিতু ও সৃজলার কথোপকথনের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে সৃজলাকে বলতে শোনা যায়, ‘কাকে ভালবেসে ফেললে জিতু, কেন ভালবেসে ফেললে…’। এই মন্তব্য ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
**ভিয়েতনাম সফরে যেতে চান জিতু!**
সৃজলার জন্মদিনের পরিকল্পনা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়। সৃজলা জানান, জন্মদিনে বোনের সঙ্গে ভিয়েতনাম ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। তা শুনে জিতু জানতে চান, টিকিট কাটা হয়ে গিয়েছে কি না। এরপরই সৃজলার সঙ্গে তাঁর বোনের সফরসঙ্গী হওয়ার আবদার করেন জিতু। এমনকী সৃজলার বোনকে মানিয়ে নেওয়ার আশ্বাসও দেন তিনি। জিতুর এমন আবদারে কিছুটা অবাক হয়ে যান সৃজলা। তবে এই বিষয়ে তিনি স্পষ্ট কোনও সম্মতি জানাননি।
শুধু বিদেশ সফরের কথাই নয়, বাড়ির বিভিন্ন কাজেও একসঙ্গে দেখা যাচ্ছে জিতু ও সৃজলাকে। বর্তমানে সৌরভ দাসের সঙ্গে বাড়ি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাঁরা। কফি নিয়ে পরিকল্পনা করা থেকে শুরু করে বাড়ির বিভিন্ন সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই দু’জনের মধ্যে আলোচনা চলছে। এমনকী সৌরভের দেওয়া কিছু পরিকল্পনা বাতিল করার কথাও মজার ছলে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের।
ভূতের টাস্ক চলাকালীনও বেশ কিছুটা সময় পাশাপাশি বসে গল্প করেছেন জিতু ও সৃজলা। ফলে তাঁদের এই ঘনিষ্ঠতা নিয়ে বাড়ির ভিতরে এবং বাইরে আলোচনা বাড়ছে। যদিও দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনও কোনও স্পষ্ট বক্তব্য সামনে আসেনি।
অন্যদিকে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দু’দিন সিক্রেট রুমে কাটিয়ে ফের প্রতিযোগিতায় ফিরে এসেছেন নন্দিনী। সব মিলিয়ে বিগ বস বাংলার বাড়িতে নতুন সমীকরণ এবং প্রতিযোগীদের আচরণ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।







