এভাবেও ফিরে আসা যায়। সত্যি কার্লোস এর হাত ধরে সেই পুরানো ইস্টবেঙ্গল এর ঝাঁঝ চোখে পড়ছে। সেই হার না মানা মনোভাব। ঠিক তেমনই আবারো ফর্মে ফিরে গেছে ক্লিনটন সিলভা। জোড়া গোল করে এই বছর ISL এ প্রথম জয় তুলে নিল ইস্টবেঙ্গল।
জামশেদপুর এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ থাকলেও সিভেরিওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সমর্থকদের আশ্বস্ত করে ইস্টবেঙ্গল কোচ কার্লোস বলেছিলেন, “গোলের একাধিক সুযোগ তৈরি হয়েছে এটাই আসল ব্যাপার। গোল হয়নি ঠিক কথা, কিন্তু গোল আসবে।” গোল এল লীগের দ্বিতীয় ম্যাচেই। ঘরের মাঠে পুরো পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচে অপরাজিত দল। লাল হলুদ সমর্থকদের জন্য এবার মরসুম সত্যি হয়তো অন্যরকম হতে চলেছে।







