ফের এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার করা হল ভাড়া বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের।
সূত্রের খবর, পুলক দত্ত নামে ওই ব্যক্তি কলকাতা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। তাঁর পোস্টিং ছিল পর্ণশ্রী থানা এলাকায়। পুলকের পরিবার অন্যত্র থাকলেও হরিদেবপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। গত রবিবার সারাদিন তিনি সেই বাড়িতে থাকলেও রাত অবধি তাঁর কোনও সাড়াশব্দ না পাওয়া যাওয়ায় সন্দেহ হয় বাড়ির অন্য সদস্যদের।
তখন তাঁরা পুলকের বাড়ির লোককে এবং কলকাতা পুলিশকে ফোন করে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেখেন ওই কনস্টেবল এর দেহ বাড়ির পাখা থেকে ঝুলছে। এরপর পুলিশ তড়িঘড়ি পুলকের মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যা।যদিও কী কারণে ওই কনস্টেবল এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর,গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পুলক। এছাড়া সহকর্মীরা জানিয়েছেন, কিছুদিন আগেই কয়েকজনের থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সংক্রান্ত কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।







