বঙ্গে ধীরে ধীরে কমছে বৃষ্টির প্রভাব ৷ তবে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত ৷ তার জেরে ঝড়বৃষ্টি চললেও, তেমন দাপট নেই বর্ষার ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে মেঘলা আকাশ অস্বস্তি বাড়াবে ৷ একলাফে বেশ খানিকটা বাড়তে পারে তাপমাত্রা ৷ আজ কেমন থাকবে আবহাওয়া জেনেনিন,,,,,
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রবি ও সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।







