প্রশ্নের মুখে ১৬৯টি কলেজের পরীক্ষা। চরম উদ্বেগে কলকাতা বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, বারবার রাজ্য সরকারের অনুমতি চেয়েও সিন্ডিকেটের বৈঠক ডাকতে ব্যর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত। ৫-৬ বার অনুমতি চেয়েও, তা মেলেনি বলে দাবি অস্থায়ী উপাচার্যের।
সিন্ডিকেটের বৈঠক ডাকতে না পারলে পাশ হবে না পরীক্ষা বিধি। আগামী এক’দুমাসের মধ্যে পরীক্ষা করানোর কথা। সেক্ষেত্রে পরীক্ষা বিধি নির্ধারিত না হলে কীভাবে নেওয়া হবে পরীক্ষা। তারপর ফলপ্রকাশের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। চরম উদ্বেগে প্রহর গুনছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সন্ধিহান পরীক্ষার্থীরাও।
প্রসঙ্গত, চলতি বছরেই গোটা দেশে জাতীয় শিক্ষানীতি বলবত্ হয়েছে। পরীক্ষা পদ্ধতিতে বদল এসেছ। ফলে এবছর নতুন পরীক্ষা বিধি প্রয়োজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং অর্থাত্ সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি থেকে সেই পরীক্ষা বিধি পাশ হতে হবে। কিন্তু সেখানেই জটিলতা। সূত্রের খবর, অস্থায়ী উপাচার্য যত বার এই বৈঠক করতে চাইছেন, সরকার সেই বৈঠকের অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ।
কলেজ-বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেই বেশ খানিকটা অসুবিধা হচ্ছে বলে দাবি করেন অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত।
প্রসঙ্গত, গোটা দেশে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর রাজ্যের তরফেও একটি শিক্ষানীতি তৈরি করা হয়। সেই শিক্ষানীতি বিশ্ববিদ্যালয়গুলিতে ধীরে ধীরে কার্যকরও করা হচ্ছে। রাজ্যের গাইডলাইনে উচ্চ শিক্ষার ক্ষেত্রের বেশিরভাগ নীতিই জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বিশেষ কোনও বদল আনা হয়নি। তাই পরীক্ষা বিধির ক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন অনেকে। তা সত্ত্বেও কেন সিন্ডিকেট বৈঠক ডাকার অনুমতি পাচ্ছেন না উপাচার্য? রাজ্যপাল দ্বারা নিযুক্ত বলেই কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাঁকে, প্রশ্ন তুলছেন শিক্ষামহলের কেউ কেউ।
যদি জাতীয় শিক্ষা নীতির ভিত্তিতে পরীক্ষা বিধি না আসে তাহলে কী ভাবে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা? জানালেন এজেসি বোস কলেজের প্রিন্সিপাল পূর্ণচন্দ্র মাইতি। তাঁর বক্তব্য, “যদি নতুন পরীক্ষা বিধি না আসে, তাহলে পুরনো নিয়মেই আমরা পরীক্ষা নেব। কোনও অসুবিধা হবে না। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যগুলি যে নীতিতে পরীক্ষা নেবে, আমরা তা থেকে বিচ্যুত হব।”







