রবিবার রাত ৯টা নাগাদ কালনার ধর্মডাঙ্গা এলাকায় লক্ষী পূজো উপলক্ষে হওয়া মেলাতে ট্রাফিক আইন না মানায় পুলিশের সাথে স্থানীয় কয়েকজনের সাথে বচসা হয়। এরপরই পুলিশের কাজে বাধা দেওয়া, ও পুলিশকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হয় তিন।
ধৃতদের সোমবার দুপুরে তোলা হয় কালনা মহকুমা আদালতে। ধৃতরা হলো কালনার ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা অসীম করাতি,বরুণ মজুমদার এবং হৃদয় মিস্ত্রি। তাদের বিরুদ্ধে ৩৪১ ৩২৩, ৩৫৩, ৫০৬ এবং ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার রাতে কালনার ধর্মডাঙ্গা এলাকায় লক্ষ্মীপূজো চলার কারণে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে লোকজনের প্রচুর ভিড় থাকায়, এক ব্যক্তিকে পুলিশ মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যেতে বাধা দেয়। এরপরই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ওই ব্যক্তি। আর এমন সময় পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে বেশ কয়েকজন, পুলিশের অভিযোগ তখনই সরকারি কাজে তাদের বাধা দেয় অভিযুক্তরা এবং তাদের হেনস্তা করে বেশ কয়েকজন। তাদের মধ্যে উক্ত তিনজনকে গ্রেফতার করে সোমবার কালনা মহকুমা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, পুলিশকে কোন রকমই হেনস্তা করেনি তারা, পুলিশই তাদেরকে মারধর করেছে।







