রাজনীতি

কোচবিহার থেকে শুরু হল DYFI-এর অধিকার আদায়ের যাত্রা

রাজ্যের শাসকদল তৃণমূলের চুরি, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে, নিজেদের অধিকার আদায়ের দাবিতে শুরু হল সিপিআইমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নতুন কর্মসূচী ‘ইনসাফ যাত্রা’।আজ সকাল ১০ টায় কোচবিহারের শতাব্দী প্রাচীন স্কুল জেনকিন্স স্কুলের সামনে থেকে সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে এই পদযাত্রা।

পদযাত্রা শুরুর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাবেশে বক্তৃতা রাখেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি,কলতান দাশগুপ্ত, সংগঠনের সর্বভারতীয় সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বেরা। পাশাপাশি শত শত বাম যুব কর্মী এবং আমজনতাও উপস্থিত ছিলেন।

এই পদযাত্রাটি কোচবিহার থেকে শুরু হয়ে দুমাস রাজ্যের বিভিন্ন জেলার মধ্য দিয়ে এসে শেষ হবে কলকাতায়। ষাট দিনের পথ চলায় তারা বিভিন্ন সভা করে মানুষের যন্ত্রণার কথা শুনবেন।এরপর ৭ জানুয়ারি কলকাতায় ব্রিগেডে সমাবেশ করবে বাম যুবরা।

পদযাত্রা শুরুর আগে ডিওয়াইএফআই রাজ্য সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি সাহা পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে জানিয়েছেন, “রাজ্যের শাসকদলের নেতারা ভুরিভুরি দুর্নীতি করছে। সেই দুর্নীতির বিরুদ্ধে রাজ্যবাসীকে একত্রিত করতে এই পদযাত্রায় আয়োজন করা হয়েছে। বঞ্চিত চাকরিপ্রার্থী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক সকলেই এই পদযাত্রায় অংশ নেবেন।”

তিনি আরও বলেন, “দুমাসব্যাপী এই পদযাত্রায় ৫০ জন স্থায়ী পদযাত্রী থাকবেন। বিভিন্ন জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় জেলার যুব কর্মীরা এই পদযাত্রায় যোগ দেবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.