বছর পাঁচেক আগে বিরাট কোহলি সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো বলেছিলেন,বিশ্বক্রিকেটের সিআর সেভেন। রবিবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট ওয়েস্ট ইন্ডিয়ান তারকার সুরেই কোহলিকে ‘ক্রিকেটের রোনাল্ডো’ বলে উল্লেখ করেছেন।
কোহলির ব্যাট কথা বলে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে। বিরাট অপরাজিত থেকে যান ১৬৬ রানে। সালমান বাট কোহলির ফিটনেস দেখে তাকে রোনাল্ডোর সঙ্গে তুলনা করেন।
রোনালদোকে নিয়ে চর্চা কাতার বিশ্বকাপের আগে থেকেই। আলোচনা চলেছে বিশ্বকাপের পরেও তাকে নিয়ে। সেঞ্চুরি পারছিলেন না কোহলি।সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে।নেতৃত্বের আর্মব্যান্ড চলে যায় রোহিত শর্মার হাতে। ভিতরে ভিতরে রক্তাক্ত কোহলি ফিরে এসেছেন দারুণ ভাবে।সেঞ্চুরি করছেন। প্রতিপক্ষকে বিধ্বস্ত করছেন। তিরুঅনন্তপুরমে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে-তে একার হাতে দ্বীপরাষ্ট্রের বোলিংকে শেষ করেছেন কোহলি। সেই দুরন্ত ব্যাটিং দেখার পর প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, ”রোনাল্ডোর থেকে কোনও অংশে কম নয় কোহলি। বিশ্বের ফিট খেলোযাড়দের মধ্যে কোহলি সবার উপরের দিকেই থাকবে।”
কোহলি সম্ভ্রম, শ্রদ্ধা, সমীহ আদায় করে নিয়েছেন পাক-মুলুক থেকে। সলমন বাট বলেছেন, ”বিরাট কোহলি আবার নিজের সেরা ফর্মে ফিরেছে। বলা ভাল ওর স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে। এখন প্রচুর রান করতে শুরু করে দিয়েছে, ধারাবাহিক ভাবে সেঞ্চুরি পাচ্ছে। ওয়ানডে এভাবেই খেলতে হয়। শুরুটা বেশ ভাল করছে, প্রতিটি বলে রান করছে, বাজে বল ছেড়ে দিচ্ছে, ভাল বলে রান করছে। পুরোদস্তুর সেট হয়ে যাওয়ার পর খুব সহজেই বাউন্ডারি অতিক্রম করছে। ঝুঁকি কম। আর এটাই প্রমাণ করছে খেলাটার উপর কতটা দখল কোহলির।”







