দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার পথে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করলেও, এবার আইসিসির শাস্তির মুখে পড়লেন ভারতীয় দলের তরুণ পেসার হর্ষিত রানা। প্রথম ওয়ানডেতে তাঁর আচরণের জন্য আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
রাঁচিতে ভারত ১৭ রানে ম্যাচ জিতলেও, ২২তম ওভারে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় হর্ষিত রানা প্রোটিয়া ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। ম্যাচের আম্পায়াররা এই আচরণকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের সামিল বলে অভিযোগ করেন। আইসিসির ২.৫ ধারা অনুযায়ী, বিপক্ষ ব্যাটার আউট হওয়ার পর এমন কোনো অঙ্গভঙ্গি বা ভাষা ব্যবহার করা যাবে না, যা আউট হওয়া ব্যাটসম্যানকে প্রভাবিত করতে পারে। এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ।
সাধারণত এই ধরনের অপরাধের জন্য ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সুখবর এই যে, গত ২৪ মাসে এটিই ছিল হর্ষিতের প্রথম আচরণবিধি লঙ্ঘন। তাছাড়া, তিনি ম্যাচ অফিসিয়ালদের কাছে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন। তাই এবার আইসিসির তরফ থেকে তাঁকে শুধু সতর্ক করা হয়েছে এবং তাঁর ঝুলিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তাঁকে কোনো আর্থিক জরিমানা দিতে হয়নি।
উল্লেখ্য, রাঁচিতে হর্ষিত রানা দারুণ বোলিং করে তিন উইকেট তুলে নিয়েছিলেন। আজকের সিরিজ জয়ের ম্যাচেও ভারতীয় একাদশে তিনি আছেন। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস নিয়ে দুঃসংবাদ অব্যাহত। এই নিয়ে টানা বিশটি ম্যাচে টস হারলেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ভারতকে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।







