দীর্ঘ প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গে অবশেষে পা রাখল মৌসুমি বায়ু। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে নদিয়া, পূর্ব ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়। এই বর্ষার আগমন খানিকটা স্বস্তি দিলেও, সঙ্গে নিয়ে এসেছে নতুন আবহাওয়াগত সতর্কবার্তা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবেশ করবে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু। ফলে মাঝ সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে থাকবে কালো মেঘের ঘনঘটা।
আগামী ১৭ জুন থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৯.২ ডিগ্রি। যদিও বৃষ্টির ছোঁয়ায় কিছুটা স্বস্তি মিলেছে, তবু বাতাসে আদ্রতা থাকায় অস্বস্তি কাটেনি পুরোপুরি।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে টানা কয়েকদিন চলতে পারে এমন বৃষ্টি। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বর্ষার তেজ কিছুটা বেশি—সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও কমবে না বর্ষার দাপট। বিশেষ করে মালদা ও উত্তর দিনাজপুরে ১৭ জুন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। ১৮ জুন দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায়, স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
১৯ জুন বৃষ্টি ছড়াবে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। আবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও থাকবে প্রবল বৃষ্টির আশঙ্কা।
তবে, বর্ষা এলেও এখনও বিদায় নিচ্ছে না গরম ও অস্বস্তি। বৃষ্টির পরপরই ফের দেখা দিচ্ছে ঘাম ঝরানো ভ্যাপসা আবহাওয়া। ফলে এই আবহাওয়ায় সাবধান থাকা জরুরি, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে।
সবমিলিয়ে বর্ষা একদিকে যেমন স্বস্তির বার্তা এনেছে, তেমনি এনেছে সতর্কতার সঙ্কেত।







