ধর্ষণে অভিযুক্ত তরুণ জামিনে ছাড়া পেয়ে কুপিয়ে খুন করল নির্যাতিতাকে। তিন বছর আগে গ্রামের এক ষোড়শীকে পবন নিষাদ নামে এক তরুণ ধর্ষণ করেছিল বলে অভিযোগ। যোগীরাজ্যের কৌশাম্বীতে এই ভয়াবহ ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। তরুণী ও তাঁর পরিবারের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণের মামলা প্রত্যাহার করতে বাধ্য করার পরও কাজ না হওয়ায় ওই তরুণীকে হত্যা করে দুই ভাই এমনটাই বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে পবন জামিনে ছাড়া পায়। তার ভাই অশোকেরও দু’দিন আগে জামিন হয়েছে। সে অন্য আর একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল। তারা দু’জনে পরিকল্পনা করে যে তরুণী ও তাঁর পরিবারের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণের মামলা প্রত্যাহার করতে বাধ্য করবে। কিন্তু সে পরিকল্পনা সফ হয়নি। তার পরেই ওই তরুণীকে হত্যা করে দুই ভাই ।
স্থানীয়রা দাবি করেছেন, এ দিন সকালে ওই তরুণী গোরু নিয়ে খেত থেকে ফিরছিলেন বাড়ির দিকে । ওই রাস্তার পাশেই একটি ঝোপে লুকিয়েছিল দুই ভাই। মেয়েটিকে দেখেই তারা ঝাঁপিয়ে পড়ে সামনে। ওদের হাতে কুড়ুল দেখে তিনি সাহায্য চেয়ে ছুটতে শুরু করলে তারাও ধাওয়া করে। সামান্য কিছুটা যাওয়ার পরেই ওই কুড়ুল দিয়ে মেয়েটিকে কোপাতে লাগে পবন আর তার ভাই অশোক মেয়েটি যাতে প্রতিরোধ না করতে পারে সেদিকে নজর রাখে। তা ছাড়া, রাস্তার লোকেরা যাতে সাহায্যের জন্য এগোতে চেষ্টা না করেন সেই হুঁশিয়ারিও দিতে থাকে। একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আমরা নিরুপায় দর্শক। এগোতে কেউ সাহস পাইনি। ওরা মেয়েটাকে চোখের সামনে খুন করে পালালো। খবর পেয়েই ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী উপস্থিত হয়।
এই ঘটনায় ফিরে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বক্তব্য। দু’মাস আগে তিনি বলেছিলেন, ‘মহিলাদের যারা ক্ষতি করবে বা উত্ত্যক্ত করবে তাদের খেয়াল যমরাজ রাখবেন।’ তবে তার পরেও একাধিক ধর্ষণ, ধর্ষণ-খুন, শ্লীলতাহানি-সহ বহু ঘটনা ঘটেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০২২-এর তথ্য থেকে জানা যাচ্ছে ২০২১ সালে সর্বাধিক মহিলা সংক্রান্ত অপরাধ উত্তরপ্রদেশেই ঘটেছিল। নথিভুক্ত কেসের সংখ্যাই দাঁড়ালো ৫৬ হাজার!
______________________________







