আদালতের নির্দেশে বেকসুর খালাস হয়েছিলেন। অথচ প্রশাসনিক গাফিলতি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে আরও সাত বছরের বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে এক যুবককে। এমন নজিরবিহীন ঘটনায় ছত্তিশগড় সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই যুবককে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, দেশে অন্যায়ভাবে কাউকে আটক রাখার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করতে একটি নির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে আদালত।
বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি সঞ্জীব সচদেবার ডিভিশন বেঞ্চে দেবীলাল গোন্ড বনাম ছত্তিশগড় রাজ্য মামলার শুনানি হয়। সেই মামলাতেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ঘটনার সূত্রপাত ২০১২ সালের ডিসেম্বর মাসে। খুনের একটি মামলায় ছত্তিশগড়ের বাসিন্দা দেবীলাল গোন্ডকে গ্রেফতার করা হয়। পরের বছর, অর্থাৎ ২০১৩ সালের আগস্টে রাজনন্দগাঁওয়ের দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ২০১৮ সালের ২০ জানুয়ারি ছত্তিশগড় হাইকোর্ট সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিয়ে বেকসুর খালাসের নির্দেশ দেয়।
কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল থেকে মুক্তি মেলেনি দেবীলালের। জেল প্রশাসন এবং লিগ্যাল এইড কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি ও চরম প্রশাসনিক অব্যবস্থার কারণে হাইকোর্টের মুক্তির নির্দেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। এর জেরেই খালাস পাওয়ার পরও দুর্গ সেন্ট্রাল জেলে ৭ বছর ৩ মাসেরও বেশি সময় বন্দি থাকতে হয় তাঁকে। অবশেষে ২০২৫ সালের মে মাসে জেলের নথি পরীক্ষা করতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯ মে মুক্তি পান দেবীলাল।
এরপর বেআইনি কারাবাসের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ছত্তিশগড় হাইকোর্ট তাঁর দীর্ঘদিনের আটককে অবৈধ বলে মেনে নিলেও ক্ষতিপূরণ হিসেবে মাত্র ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়ে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন দেবীলাল।
মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, ২০১৮ সালে খালাস পাওয়ার সময় দেবীলালের বয়স ছিল প্রায় ২৮ বছর। অথচ মুক্তি পাওয়ার সময় তাঁর বয়স দাঁড়ায় ৩৫ বছর। অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতার কারণে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি বছর তাঁকে কারাগারে কাটাতে হয়েছে। আদালতের মতে, এই ঘটনা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এমন ঘটনায় ক্ষতিপূরণের অঙ্ক সামান্য বা শুধুমাত্র প্রতীকী হলে চলবে না। বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাতে নতুন করে স্বাভাবিক জীবন শুরু করতে পারেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান, সেই বিষয়টি মাথায় রেখেই ক্ষতিপূরণ নির্ধারণ করা প্রয়োজন। সেই অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে দেবীলালকে ৩০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে ৫ লক্ষ টাকা তাঁর সেভিংস অ্যাকাউন্টে জমা করতে হবে। বাকি ২৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই আমানত থেকে প্রতি মাসে সুদের টাকা পাবেন তিনি।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, দেশে বেআইনি আটকের ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণের জন্য এখনও কোনও সুস্পষ্ট আইনি ব্যবস্থা নেই। এই শূন্যতা পূরণে একটি নির্দিষ্ট আইন তৈরির প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যাতে প্রশাসনিক সমন্বয়ের অভাবে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও সতর্ক করেছে আদালত।
এজন্য মধ্যপ্রদেশ হাইকোর্টের মডেল অনুসরণ করে দেশের সমস্ত হাইকোর্টকে ‘অনলাইন ক্রিমিনাল জাস্টিস ইকোসিস্টেম’ চালুর পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। এই ব্যবস্থার মাধ্যমে আদালত, পুলিশ এবং জেল প্রশাসনের মধ্যে প্রয়োজনীয় নথি ও মুক্তির নির্দেশ দ্রুত অনলাইনে আদান-প্রদান করা সম্ভব হবে। ফলে আদালতের নির্দেশ সত্ত্বেও কোনও ব্যক্তিকে দীর্ঘদিন অকারণে জেলে আটকে থাকার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকানো যাবে বলে মনে করছে সুপ্রিম কোর্ট।







