ফের এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত আরোহীরা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার মা উড়ালপুলে।
সূত্রের খবর, এদিন সন্ধায় মা উড়ালপুলের ওপর দু’টি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। বাইকের চালকসহ আরোহীরা সেতুর ওপরেই ছিটকে পড়ে যান। যার জেরে উড়ালপুলের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই সময় ওই দুর্ঘটনাস্থলে যানজটের কারণে আটকে পড়েন কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিম।
উড়ালপুলের ওপর বাইক দুর্ঘটনা ঘটেছে শুনতে পেয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দুর্ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন মেয়র। পরিস্থিতি বুঝে নিয়ে নিজেই ফোন করেন অ্যাম্বুলেন্সে। মেয়রের ফোন পেয়ে দুটি অ্যাম্বুলেন্স তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছালে আহতদের উদ্ধারের কাজে নিজেই হাত লাগান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁদের ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। তারপর আহতদের চিকিত্সার জন্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য হাসপাতালে ফোন করে আহতদের খবরাখবরও নেন স্বয়ং কলকাতার মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম।







