নিজের দুই নাবালিক মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে তাঁর-ই দুই প্রেমিক। কোনও কোনও দিন তো মা নিজেই উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। তা-ও কিচ্ছুটি বলেননি। প্রতিবাদ তো দূরের কথা। এমনই বীভত্স ঘটনার সাক্ষী হল দক্ষিণ ভারতের তিরুঅনন্তপুরম। সামনে এল শিউরে ওঠার মতো ঘটনা। স্বামী মানসিক ভাবে অসুস্থ। তাই তাঁকে ছেড়ে দীর্ঘদিন ধরেই আলাদা ছিলেন ওই মহিলা। প্রথমের দিকে নিজের দুই মেয়েকে নিয়ে প্রেমিক শিশুপালনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। আর তখনই নাবালিকা নির্যাতনের শুরু।
পুলিশ জানিয়েছে, শিশুপালনের কাছে প্রথমে নির্যাতিত হন মহিলার প্রথম মেয়ে। তার পরে ছোট । ছোটটির বয়স তখন মাত্র ৬ বছর। ক্লাস ওয়ানে পড়ে। একবারেই থেমে থাকেনি সেই ঘটনা। দিনের পর দিন মায়ের প্রেমিকের কাছে ধর্ষিতা হতে থাকে দুই মেয়ে। অভিযোগ, সব জেনে বুঝেও তাতে বাধা দেয়নি তাঁদের মা।
এরপরে শিশুপালনের সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন প্রেম শুরু করেন মহিলা। মায়ের প্রেমিক বদলালেও বদলায়নি নির্যাতনের ধরন। এই প্রেমিকও দিনের পর দিন অত্যাচার চালায় দু’জনের উপর। কখনও কখনও তো মা নিজেও উপস্থিত থাকতেন ঘটনাস্থালে। অন্তত তেমনটাই জানিয়েছে নির্যাতিতারা।
শেষে আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায় দুই বোন। আশ্রয় নেয় ঠাকুমার কাছে। সবকথা, সব ঘটনা খুলে বলে। ঠাকুমাই ওই নাতনিদের নিয়ে পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেন।
কেরল ফাস্ট ট্র্যাক কোর্ট সংশ্লিষ্ট মামলায় নির্যাতিতাদের মায়ের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা। মামলার শুনানির প্রথম দিকেই আত্মহত্যা করেছিলেন শিশুপালন। তাই সাজা ঘোষণা হয় শুধু মায়ের ক্ষেত্রেই ।
_____________________________________________________







