জেলা

তামান্না হত্যা মামলায় পুলিশের বড় পদক্ষেপ, ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা

নদিয়ার কালীগঞ্জে ছোট্ট তামান্না হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে ২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে কালীগঞ্জ থানার পুলিশ। প্রথম চার্জশিটে আর্মস অ্যাক্টের ধারা অন্তর্ভুক্ত না থাকলেও, নতুন চার্জশিটে অস্ত্র আইনের ২৫ নম্বর ধারা সংযোজন করা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলার তদন্তে গতি আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ভিনরাজ্যে আত্মগোপন করে থাকা একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে তামান্নার পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জ থানার ৫৩৪/২৫ নম্বর মামলায় প্রথম পর্যায়ে ২৪ জনের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরই একজন কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান। বাকি দু’জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরবর্তীকালে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে চার্জশিটে বাদ পড়া আরও ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, সেই দু’জনকেও পাকড়াও করে পুলিশ। ফলে এফআইআরে নাম থাকা ২৪ জন অভিযুক্তকেই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। বর্তমানে ২৩ জন অভিযুক্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং একজন কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্ত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তদন্তের বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করে মঙ্গলবার কৃষ্ণনগরের সিজেএম আদালতে ৪৭০/২৬ নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, ইএস আইনের ৩ ও ৪ ধারা এবং আর্মস অ্যাক্টের ২৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়া আদালতের তত্ত্বাবধানেই চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.