উত্তরবঙ্গের পাহাড়জুড়ে রাতভর বৃষ্টি নামিয়েছে মৃত্যুর ছায়া। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে ভয়াবহ ধস নেমেছে দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকায়। এখনও পর্যন্ত সরকারি হিসাবে অন্তত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে, তবে প্রশাসনের আশঙ্কা— মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিরিক ও সুখিয়াপোখরি এলাকায়। এক রাতের ধসেই শুধু মিরিকে প্রাণ হারিয়েছেন ১১ জন। মৃতদের মধ্যে রয়েছেন শিশুরাও। ধসে ভেঙে পড়েছে একাধিক বাড়ি, হোমস্টে ও রাস্তা।
মৃতদের মধ্যে মিরিক মহকুমা এলাকায় রয়েছেন:
ঊষা রাই (৭২), বিজেন্দ্র রাই (৭০), সাধনা তামাং (৩৫), আহান ছেত্রী (৯), রুহি তামাং (১১), স্নেহা প্রধান (১৯), অনুজ প্রধান (৪২), আরুষি ছেত্রী (১২), অনিতা প্রধান (৪১), ফুচুং ডুকপা (৫০) এবং সুমিত লেপচা (৪৬)।
এ ছাড়াও মারা গিয়েছেন মিনা সেওয়া (৬২), জ্ঞানচুক তামাং (২০), বাবুলাল রাই (৪২)।
নেপালের নাগরিকও প্রাণ হারালেন:
দার্জিলিঙের সিঙ্গলীলা জাতীয় উদ্যান সংলগ্ন মানেভঞ্জনে ধস নেমে নেপালের পাঁচ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নেপালের ডোলখা জেলার দীপ বাসনেট (৪৬), ভবানী বাসনেট (৪৪), দীপিকা বাসনেট (১২), এবং ইলামের মনমায়া ছেত্রী (৬৭), রশ্মিকা ছেত্রী (১০)।
যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক:
নাগাড়ে বৃষ্টিতে বালাসন নদীর উপর দুধিয়ার লোহার সেতুর একাংশ ভেঙে পড়েছে, ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। দারাগাঁও, আপার দুধিয়া, ডাম্ফেডার— একাধিক এলাকায় ঘরবাড়ি ও হোমস্টে ধসে গেছে। এমনকি বিএসএফ ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রশাসনিক তৎপরতা:
দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, “দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে। আমরা স্থানীয় বিজেপি কর্মীদের উদ্ধারকাজে সাহায্য করতে নির্দেশ দিয়েছি।”
তিনি পাহাড়ের এই ধস পরিস্থিতিকে ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকাল থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন। ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সোমবার মুখ্যসচিব মনোজ পন্থকে নিয়ে তিনি শিলিগুড়িতে পৌঁছে সরেজমিনে পর্যালোচনা করবেন।
দার্জিলিং পাহাড়ের আকাশে এখনও ভারী মেঘের ঘনঘটা। প্রশাসন আশঙ্কা করছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হলে নতুন ধস নামার আশঙ্কা প্রবল।
উত্তরবঙ্গের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে শোকস্তব্ধ দার্জিলিং— উদ্ধারকাজ চলছে জোরকদমে, পাহাড়জুড়ে এখন একটাই প্রার্থনা… আর যেন না নামে ধস!






