বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ বার্তার কারণে চরম বিতর্কের মুখে পড়েছেন। ভাইরাল হওয়া সেই বার্তায় অভিনেতা রাস্তার কুকুরদের হকিস্টিক দিয়ে মারার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তাঁর এমন মন্তব্যে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। এমনকি তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরও করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ভাইরাল হওয়া ওই মেসেজে টিনু আনন্দ লেখেন,”ভারসোভা এলাকায় যত কুকুর আছে, তাদের হকিস্টিক দিয়ে মারা দরকার। যদি পশুপ্রেমীদের এতে সমস্যা হয়, তাহলে তারা কুকুরগুলোকে নিজের বাড়িতে নিয়ে যাক। না হলে পরিণাম খারাপ হবে।” এই মেসেজ ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। পশু অধিকার কর্মী আঁচল চাড্ডা ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে পরে অভিনেতা টিনু আনন্দ সংবাদমাধ্যমে মুখ খোলেন। ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন,”আমার মেয়ের কব্জি ভেঙেছে। আমাদের পোষা কুকুরটিকে রাস্তায় তিনটি কুকুর আক্রমণ করে। ওকে বাঁচাতে গিয়ে মেয়ে পড়ে যায় এবং কব্জি ভেঙে যায়। চিকিৎসার জন্য প্রায় ৯০,০০০ টাকা খরচ হয়েছে।”
টিনুর প্রশ্ন,”আপনি যদি কুকুরদের খাওয়ান, তাহলে তাঁদের বেঁধে রাখেন না কেন?” তিনি আরও জানান, এলাকার একটি দোকানের ডেলিভারি ম্যানও কুকুরের আক্রমণের শিকার হয়েছেন, ফলে তাঁরা ডেলিভারি বন্ধ করে দিয়েছেন। ৮০ বছরের অভিনেতার বক্তব্য,”আমি কুকুরদের আক্রমণ করতে চাইনি। শুধু আত্মরক্ষা নিয়ে কথা বলেছি। যদি আমাকে কুকুর আক্রমণ করে, তাহলে নিজেকে বাঁচানো কি আমার অধিকার নয়? সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে আত্মরক্ষা করা যাবে না।” শেষে টিনু আনন্দ জানান, এই ধরনের ট্রোলিং নিয়ে তিনি চিন্তিত নন এবং সমস্ত আক্রমণ তিনি উপেক্ষা করেন। তবে তিনি চান, কুকুর সংক্রান্ত সমস্যা নিয়ে বাস্তবতা বুঝে পদক্ষেপ নেওয়া হোক।







