ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন মুম্বইয়ের তরুণ প্রতিভা ইয়োহান বেঞ্জামিন। প্রথম ভারতীয় হিসেবে উয়েফা ইউথ লিগে খেলার নজির গড়লেন তিনি। স্লোভেনিয়ার ক্লাব এনকে ব্র্যাভোর হয়ে পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে মাঠে নামেন ১৮ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার। বুধবারের ম্যাচে প্রথম একাদশে শুরু করে ৭৯ মিনিট মাঠে ছিলেন ইয়োহান, যদিও তাঁর দল শেষ পর্যন্ত ০–৪ ব্যবধানে পরাজিত হয়।
শুধু উপস্থিতিই নয়, ইয়োহানের এই যাত্রা ভারতীয় ফুটবলের জন্য প্রতীকী এক মাইলফলক। মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ ফুটবলার শৈশবেই পা রাখেন শিলং লাজংয়ের অ্যাকাডেমিতে। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ স্তরে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে দেশের সেরা যুব প্রতিভাদের তালিকায় নিয়ে আসে। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৩ ম্যাচে ৯টি গোল করা এই উইঙ্গার ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যেখানে ‘ব্লু কোল্টস’ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে।
সেই সাফল্যের পর ইউরোপীয় ক্লাব এনকে ব্র্যাভোর নজরে পড়েন ইয়োহান। স্লোভেনীয় যুব লিগে যোগ দেওয়ার পর থেকেই নিজের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন তিনি। নেক্সটজেন লিগায় চার ম্যাচে দুটি গোল করে নজর কাড়েন কোচদের। এনকে ব্র্যাভো গত মরশুমে স্লোভেনীয় যুব লিগ জিতে উয়েফা ইউথ লিগে জায়গা করে নেয়, আর সেই সুযোগেই ইতিহাস গড়ার মঞ্চ পান ভারতীয় তরুণ।
ইয়োহানের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং ভারতীয় ফুটবলের ক্রমবর্ধমান মানের প্রতিফলন। ইউরোপের প্রতিযোগিতামূলক মঞ্চে তাঁর উপস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—যে স্বপ্ন একসময় দূরাগত মনে হতো, তা এখন ভারতীয় তরুণদের নাগালের মধ্যেই।






