বিশ্ব

বাংলাদেশে রপ্তানি বিদ্যুতে বাড়তি চার্জ, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের বড় পদক্ষেপ

সস্তায় বিদ্যুৎ আমদানির দিন এবার কিছুটা কঠিন হতে চলেছে বাংলাদেশের জন্য। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের আবহেই বাংলাদেশে রপ্তানি করা বিদ্যুতের উপর ইউনিট পিছু অতিরিক্ত চার্জ বসাল ভারত। বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা এবং বিদ্যুৎ লেনদেনের হিসাব-নিকাশ নিষ্পত্তির জন্য সেটেলমেন্ট নোডাল এজেন্সি বা এসএনএ চার্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে অতিরিক্ত ০.০০৫ টাকা দিতে হবে।

বিদ্যুতের মূল দামের বাইরে আলাদাভাবে এই এসএনএ চার্জ নেওয়া হবে। গ্রিড পরিচালনা, বিদ্যুতের শিডিউলিং, মিটারিং, হিসাব সংরক্ষণ এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেনের নিষ্পত্তি সংক্রান্ত খরচ মেটাতেই এই অতিরিক্ত চার্জ ধার্য করা হচ্ছে। এই বিষয়ে ভারতের সরকারি বিদ্যুৎ সংস্থা এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে এসএনএ চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও পাঠানো হয়েছে।

চুক্তি সম্পন্ন করতে দেরি হলে এনভিভিএনের মাধ্যমে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সমস্যা তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। ভারত প্রথমে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ০.০১ টাকা এসএনএ চার্জ দাবি করেছিল। পরে সেই হার কমিয়ে ০.০০৫ টাকা করা হয়।

বাংলাদেশের আধিকারিকদের বক্তব্য, এই অতিরিক্ত অর্থ বিদ্যুতের দাম নয়। গ্রিড পরিচালনা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্যই এই বিশেষ চার্জ নেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির খরচ খুব বেশি বাড়বে না। বরং এনভিভিএনের সঙ্গে চুক্তি হয়ে গেলে বিদ্যুৎ লেনদেনের প্রক্রিয়া আরও সহজ হবে। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে আলাদাভাবে বিল মেটানোর জটিলতাও কমবে।

ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কোনও আলাদা নিয়ম চালু করা হয়নি। নেপাল এবং ভুটান থেকেও একই হারে এসএনএ চার্জ নেওয়া হয়। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এটি একটি নিয়মিত প্রক্রিয়া বলেই দাবি ভারতের।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। বর্তমানে বিভিন্ন চুক্তির আওতায় ভারতের কাছ থেকে সর্বোচ্চ ২ হাজার ৬৫৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির ব্যবস্থা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে এনভিভিএনের মাধ্যমে এনটিপিসি থেকে ২৫০ মেগাওয়াট, দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ৩০০ মেগাওয়াট, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন থেকে ১৬০ মেগাওয়াট, পিটিসি ইন্ডিয়ার মাধ্যমে সেম্বকর্প এনার্জি ইন্ডিয়ার কেন্দ্র থেকে ২০০ মেগাওয়াট এবং সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া থেকে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যায়।

এই পাঁচটি উৎস থেকে মোট ১১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্যই এসএনএ চার্জ সংক্রান্ত চুক্তি করা হচ্ছে। এর বাইরে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশের। সেখানে ইতিমধ্যেই এসএনএ চার্জ অন্তর্ভুক্ত থাকায় গড্ডা বিদ্যুৎকেন্দ্রের জন্য নতুন করে কোনও চুক্তির প্রয়োজন হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.