মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ রুখতে এবছর থেকে ব্যবস্থা নিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের পাতায় থাকবে বিশেষ কোড। তাতে অনায়াসে চিহ্নিত করা যাবে প্রশ্নপত্র ফাঁসের পিছনে থাকা আসল দোষীকে। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এমন দাবি করেছেন।
বাঁকুড়ায় মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সভায় যোগ দিতে এসেছিলেন পর্ষদ সভাপতি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদের এই পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
এদিন রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ”প্রশ্ন কখনও ফাঁস হয়না, কিছু ‘দুষ্টু বাচ্চা’ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। এবার কে বা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো, তা চিহ্নিত করতেই কোড বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যার কাছ থেকে প্রশ্নপত্র বাইরে যাবে, চলতি বছরে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ”
এবার মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীরা দিতে পারে তাই স্বাস্থ্য, অগ্নিনির্বাপণ, পরিবহণ বিষয়ক ম্যাপের ব্যবস্থা থাকছে। এছাড়াও জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে অনায়াসে অ্যাডমিট কার্ড সংগ্রহের নির্দিষ্ট দিন জানতে পারে তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর ‘গ্রাফ পেপার’ ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এদিন রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “আমি নিশ্চিত এবার আর ওই ধরণের সমস্যা হবে না। প্রশ্ন যদি থাকে, তবে গ্রাফ পেপার ও ম্যাপ প্রশ্নপত্রের প্যাকেটেই থাকবে।”







