সিভিল সার্ভিসের এক চাকরিপ্রার্থীর হার্ট অ্যাটাকে মৃত্যু হল কোচিং ক্লাসের মধ্যেই। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও এসেছে সকলের সামনে। ভিডিয়োতে যেমনটা দেখা যাচ্ছে,প্রায় একশো জন চাকরিপ্রার্থী একটি ঘরের মধ্যে বসে শিক্ষকের পড়ানো শুনছিলেন। সবারই চোখ ছিল শিক্ষকের দিকে।
সেই ভিড়ের মধ্যে হঠাৎই এক যুবক অর্থাৎ চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ যুবকটি কিছুক্ষণ বেঞ্চে মাথা নিচু করে বসে থাকে এবং এটি দেখে তার পাশের যুবকটি তাকে কিছু জিজ্ঞাসা করে। অসুস্থ যুবকটি আবার চেষ্টা করেন মাথা তুলে বসার কিন্তু পরক্ষণেই তিনি আবার লুটিয়ে পড়েন। কয়েকজন যুবক সহপাঠীর অসুস্থ হওয়ার বিষয়টি শিক্ষককে হাতের ইশারায় জানানোর চেষ্টা করে। কিন্তু তারপর হঠাৎই চেয়ার থেকে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে যুবকটি।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্লাসরুমের মধ্যে ছড়ায় উত্তেজনা। এরপরে যুবককে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মৃত যুবকের নাম রাজা লোঢী। সাগর জেলার বাসিন্দা তিনি। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার। রাজার অসুস্থতার সময় তার পাশে বসে থাকা যুবক জানান, বুকে ব্যথা অনুভবের কথা বলেছিল রাজা। আর তারপরে ঘটে এমন ঘটনা। রাজার মৃত্যুতে শোকাহত তাঁর সহপাঠীরা সকলেই।







