ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া নিয়ে শাসক-বিরোধী সংঘর্ষে রীতিমতো উত্তাল পরিস্থিতি। এবার সমস্যার সমাধানে এগিয়ে এলো নির্বাচন কমিশন। ভোটার কার্ডে জালিয়াতি ও অপব্যবহার ঠেকাতে তারা চালু করল নতুন প্রযুক্তি— ই-সাইন।
সম্প্রতি কর্ণাটকের আলান্দ বিধানসভা কেন্দ্র ঘিরে বিতর্ক চরমে ওঠে। অভিযোগ ওঠে, কয়েক হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি এ নিয়ে সরব হয়ে আবেদনও জানান। সেই ঘটনার পরই কমিশন আরও কড়াকড়ি করতে উদ্যোগী হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ভোটার রেজিস্ট্রেশন, নাম বাদ দেওয়া কিংবা সংশোধনের আবেদন করতে হলে এখন আর শুধু ফর্ম পূরণ করলেই হবে না। ECINET পোর্টাল বা অ্যাপ থেকে ফর্ম জমা দেওয়ার সময় বাধ্যতামূলক করা হয়েছে ই-সাইন যাচাই। এজন্য আবেদনকারীর আধার নম্বর ও আধার-লিঙ্ক করা মোবাইল নম্বর লাগবে। OTP দিয়ে যাচাই সম্পূর্ণ না করলে আর আবেদন জমা দেওয়া যাবে না।
আগে কোনও রকম যাচাই ছাড়াই ফর্ম জমা দেওয়া যেত, আর সেই সুযোগেই অপব্যবহার হচ্ছিল। বহু ক্ষেত্রেই ভোটারদের অজান্তে তাদের নামে আবেদন জমা পড়ত, অথচ মোবাইল নম্বর থাকত অন্য কারও। নতুন নিয়ম চালু হওয়ায় এই ফাঁকফোকর আর থাকবে না।
কমিশনের দাবি, ই-সাইন প্রযুক্তি চালু হওয়ার ফলে জাল আবেদন কার্যত বন্ধ হবে এবং ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।







