কেন্দ্র

সরকারি অনুষ্ঠানে বদল প্রোটোকল, ‘জনগণমন’-এর আগে গাওয়া হবে ‘বন্দে মাতরম’নির্দেশ কেন্দ্রের

সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় গান পরিবেশন নিয়ে নতুন করে প্রোটোকল জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত কেন্দ্রীয় দপ্তর এবং রাজ্যপালদের কার্যালয়ে পাঠানো নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যে সব সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জনগণমন’—দুটিই পরিবেশনের কথা থাকবে, সেখানে প্রথমে গাওয়া হবে ‘বন্দে মাতরম’, তারপর পরিবেশিত হবে ‘জনগণমন’।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, জাতীয় সংগীত ও জাতীয় গান পরিবেশনের ক্ষেত্রে অনুমোদিত পাঠ্যই ব্যবহার করতে হবে। পাশাপাশি সঠিক উচ্চারণ, শব্দচয়ন এবং নির্ধারিত বিধি কঠোরভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। কোনও ধরনের পরিবর্তিত বা অসম্পূর্ণ রূপ ব্যবহার না করারও নির্দেশ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় গান পরিবেশনের নিয়মাবলি পুনরায় স্পষ্ট করে জানিয়েছে। কোন ধরনের সরকারি অনুষ্ঠানে এই দুটি গান গাওয়া বা বাজানো হবে, সেই বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে।

কেন্দ্রের বক্তব্য, জাতীয় সংগীত ও জাতীয় গান দেশের মর্যাদা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতীক। তাই এগুলি পরিবেশনের সময় যথাযথ সম্মান, শৃঙ্খলা ও নির্ধারিত নিয়ম মেনে চলা সকল সরকারি সংস্থার দায়িত্ব। নতুন এই প্রোটোকল অনুযায়ী, ভবিষ্যতের সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর পরেই পরিবেশিত হবে জাতীয় সংগীত ‘জনগণমন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.