কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তাদের বৈঠকে পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে বললেন, ‘এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে?’ পাশাপাশি প্রতিটি পুরসভায় প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবায় গতি বৃদ্ধি করতে নির্দেশ দিলেন তিনি।
এবার লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। কিন্তু ফলাফলের ময়নাতদন্ত করলে বোঝা যাবে, শহর এলাকায় তৃণমূলের ফল ভাল হয়নি। বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকে মনে করছেন, স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই এরকম হয়েছে।
নবান্ন সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”অধিকাংশ পুরসভার রাস্তাঘাট বেশ খারাপ। বহু এলাকায় রাস্তায় আলো জ্বলছে না। ময়লা-আবর্জনা দিনের পর দিন রাস্তার মোড়ে মোড়ে পড়ে আছে। অনেক ওয়ার্ডে নিকাশি বন্ধ হয়ে আছে। তার ওপর জবরদখলের সমস্যা। আপনারা কী করছেন? কাউন্সিলররা কি ‘ফিল্ডে’ নামছে না? মুখ্যমন্ত্রী সরাসরি মেয়রদের উদ্দেশে বলেন, ‘কী করছেন আপনারা? কাউন্সিলররা কেন ফিল্ডে নামছেন না? নাকি শুধু নিজেদের ‘ইনকামের’ কথা ভাবছে? এবার আমি রাস্তায় নামব? ঝাঁট আমায় দিতে হবে? মানুষ কেন আমাদের সমর্থন করে? এসব পরিষেবাগুলো পাওয়ার জন্যই তো করে নাকি!’







