আবহাওয়া

ফের জাঁকিয়ে শীত, উত্তুরে হাওয়ায় পারদ নামবে আরও পৌষ পার্বণে বজায় থাকবে শীতের আমেজ

স্বাভাবিকের নীচেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। আগামী দু’দিনে পারদ আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঝিমিয়ে পড়া শীত নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে। মঙ্গলবার বিকেল থেকেই সক্রিয় হচ্ছে উত্তুরে হাওয়া। আবহবিদদের মতে, শীতের মেয়াদে বাড়তি ‘জ্বালানি’ জোগাতে আসছে এই হিমেল হাওয়া। ফলে পৌষ সংক্রান্তির সময়ে শীতের আমেজ বজায় থাকবে বলেই ইঙ্গিত।

দক্ষিণবঙ্গে হাওয়ার ‘মুড’
আবহাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত কম। তবে কয়েকটি এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা কাটতে দেরি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কুয়াশার দাপট কিছুটা বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও, রাতের দিকে পারদ সামান্য নামতে পারে। পৌষ সংক্রান্তির সময় তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহবিদরা।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা
উত্তরবঙ্গে মঙ্গলবার ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর—এই চার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমবে তাপমাত্রাও। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কলকাতায়
শহর কলকাতাতেও আগামী কয়েকদিনে তাপমাত্রার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ১২ ডিগ্রির ঘরে ঢুকতে পারে বলে পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৭ থেকে ৯৩ শতাংশের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.