যে কোনও বেআইনি নির্মাণের বিরুদ্ধে বর্তমান রাজ্য সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিলজলা থেকে হাওড়া—রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ ভাঙতে সক্রিয় প্রশাসন। এবার গড়িয়া শ্মশানের সংলগ্ন এলাকায় চলল পুরসভার ‘বুলডোজার অভিযান’। সেখানে থাকা একাধিক বিতর্কিত মূর্তি ভেঙে ফেলা হয়েছে।
গড়িয়া শ্মশানের পাশে একটি শৌচাগারের লাগোয়া এলাকায় ওই মূর্তিগুলি স্থাপন করা হয়েছিল। তার মধ্যে একটি মূর্তিতে দেখা যায়, এক শিশু শৌচকর্মের ভঙ্গিতে বসে রয়েছে। অন্য একটি মূর্তিতে নগ্ন অবস্থায় স্নানরত এক শিশুকে দেখানো হয়েছিল। শৌচাগারের পাশে এমন মূর্তি কেন বসানো হয়েছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। শৌচাগারের ফলকে উল্লেখ রয়েছে, এটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্মিত। সেই সময় শৌচাগারটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বিদ্যুৎ, আবাসন, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার পুরসভার অভিযানে ওই সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়।
এই প্রসঙ্গে বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “ছবিগুলি আমি দেখেছি। তৃণমূলের থেকে এর বেশি আর কী আশা করা যায়! শৌচাগারের পাশে শিশুদের এমন মূর্তি অত্যন্ত কুরুচিকর। কোটি কোটি টাকা খরচ করে এসব করা হয়েছিল। এবার সব খরচের অডিট হবে, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তা খতিয়ে দেখা হবে।”
অন্যদিকে, বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেন, “এটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচির পরিচয় বহন করছে।” যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর আগেও গড়িয়ার মিতালি সংঘের মাঠের পাশে নির্মিত ক্লক টাওয়ার ভাঙতে পুরসভা অভিযান চালায়। ২০২৩ সালে তৈরি হওয়া ওই ক্লক টাওয়ার নির্মাণে তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিশেষ ভূমিকা ছিল বলে স্থানীয়দের দাবি। এখনও সেখানে তাঁর ছবি দেখা যায় বলেও অভিযোগ। স্থানীয়দের একাংশের বক্তব্য, নিয়ম না মেনেই জোর করে ক্লক টাওয়ারটি তৈরি করা হয়েছিল। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে মামলা পৌঁছয় কলকাতা হাই কোর্টে। আদালত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও, অভিযোগ ওঠে সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এমনকি তৎকালীন কাউন্সিলরের নির্দেশে কয়েকজন মহিলা আন্দোলনেও সামিল হয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। তবে সরকার বদলের পর অবশেষে পুরসভা ‘বুলডোজার অ্যাকশন’ চালিয়ে সেই নির্মাণ ভেঙে দেয়।







