পশ্চিমবঙ্গের গার্ডেনরিচের পর এবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভেঙে পড়লো ভারতের দীর্ঘতম নির্মাণাধীন সেতু। এই সেতু ভেঙে অন্তত নিহতের সংখ্যা ১ এবং আহত হয়েছেন ১০ জন। রাজ্যের সুপৌল জেলায় অবস্থিত কোশি নামক একটি নদীর ওপরে নির্মাণ করা হচ্ছিল। ভারতীয় গণমাধ্যম এটিকে ‘হাইপ্রোফাইল সেতু’ বলে অভিহিত করেছে।
হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানয়েছে, শনিবার অর্থাৎ ২৩ মার্চ এ সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ে। প্রতিবেদনে আরও জানানো হয়, সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়ক সেতু।
প্রাথমিকভাবে ২০২৩ সালেই এর নির্মাণকার্য শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর জেরে এর ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে হিসেব মতো চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। যদিও ভেঙে পড়ায় সময় আরো বাড়তে পারে।







