জেলা

ঝড় ভেস্তে দিল মেয়ের বিয়ে! কষ্টার্জিত সম্পদের বদলে পড়ে রয়েছে শুধুই হাহাকার

সায়ন সেন, জলপাইগুড়ি: দমকা হাওয়ায় উড়ে গেল গয়না সমেত আস্ত আলমারি! ঝড় ভেস্তে দিল মেয়ের বিয়ে! কষ্টার্জিত সম্পদের বদলে পড়ে রয়েছে শুধুই হাহাকার। ঝড় কেড়ে নিয়েছে শেষ সম্বল টুকুও। ঠিক এমনই করুন চিত্র জলপাইগুড়ি ময়নাগুড়ির বার্নিশ গ্রামের একটি পরিবারের।

রবিবার বিকেলের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে এক্কেবারে বদলে গিয়েছে জলপাইগুড়ি শহরের সম্পূর্ণ চিত্র। ঘরবাড়ি ভেঙে তছনছ অবস্থা শহরের এলাকার। বাড়িঘর ভেঙে, গাছ ভেঙে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে শহরের রাস্তা জুড়ে। এখনো বিদ্যুৎ সংযোগ ছিন্ন অবস্থায় রয়েছে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা। তবে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল জলপাইগুড়ির অন্তর্গত বার্নিশ এলাকায় এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতকাটা কলোনি এলাকায়। এখনও পর্যন্ত জানা গিয়েছে ঝড়ের প্রকোপে মৃত্যু হয়েছে পাঁচ জনের, আহত শতাধিক। মৃতের মধ্যে দু’জন রয়েছেন বার্নিশ গ্রামেরই বাসিন্দা। তবে এর মধ্যেও গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা বার্নিশ গ্রামের রায় পরিবারের। কষ্টার্জিত অর্থ দিয়ে মেয়ের বিয়ের জন্য তৈরি করা ছিল খানিক সোনার গয়না, ছিল বেশ কিছু পরিমাণ নগদ টাকা পয়সাও। ঝড়ের দাপটে গয়না সমেত আস্ত আলমারিই উড়ে গিয়েছে। এখন বিয়ের পরিকল্পনা বাদ দিয়ে পরিবার জুড়ে চলছে শুধুই দিশেহারা হাহাকার অবস্থা।

জানা গিয়েছে, বার্নিশ গ্রাম পঞ্চায়েতেরই শিশুয়াবাড়ি গ্রামের বাসিন্দা কলেন রায়। মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে। তাই বাড়িতেই আলমারিতে রাখা ছিল সোনার গয়না সহ টাকা পয়সা। তার কথায়, ঘূর্ণিঝড়ের দমকা হাওয়া উড়িয়ে নিয়েছে জিনিসপত্র সমেত আস্ত আলমারিটাই। তার কষ্টার্জিত সঞ্চয়টুকুও হারিয়ে গিয়েছে ঝড়ের  সঙ্গে। টাকা পয়সা, গয়নাগাটি, কিছুই আর নেই। স্বাভাবিকভাবেই মাথায় হাত ময়নাগুড়ির এই বাসিন্দার। কয়েক মিনিটের ঝড় কেড়ে নিয়েছে অনেক কিছুই। কারোওর মাথার ওপর ছাদ নেই, কারোওর আস্ত বাড়িটাই ভেঙে পড়েছে, স্বজন হারা হয়েছেন কেউ, কারওর আবার শেষ সম্বল টুকুও হারিয়ে গিয়েছে ঝড়ের দাপটে। শহর জুড়ে এখন চারিদিকে শুধুই হাহাকারের ছবিই উঠে আসছে। উল্লেখ্য, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মাঝরাতে ঝড়ে বিধ্বস্ত এলাকা মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর, আজ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌঁছেছেন রাজ্যপাল সি পি আনন্দ বোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.