মাতৃত্ব জীবনে নতুন অধ্যায় এনে দেয়, বদলে যায় শরীর-মনও। আর সেই স্বাভাবিক পরিবর্তন নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর প্রথমবার স্বামী ভিকি কৌশলের সঙ্গে গণেশ উৎসবে প্রকাশ্যে আসতেই তাঁর চেহারা নিয়ে শুরু হয়েছিল নানা মন্তব্য। এবার সেই অভিজ্ঞতা এবং মাতৃত্বের পর নিজের পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা জানান, সময়ের সঙ্গে তাঁর ভাবনাতেও পরিবর্তন এসেছে। তাঁর মতে, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, একজন মানুষ ভেতর থেকে কতটা ভালো এবং সুস্থ বোধ করছেন, সেটাই আসল বিষয়। নিজের যত্ন নেওয়া এবং মানসিক শান্তিই সেই আত্মবিশ্বাস তৈরি করে বলে মনে করেন তিনি।
মা হওয়ার পর নিজের ত্বক নিয়েও সমস্যার কথা জানিয়েছেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর তাঁর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছিল। কোন প্রসাধনী বা স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ত্বকের উপকার হবে, তা খুঁজে পেতেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে।
এরপর নিজের জীবনযাত্রাতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা, ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি দিনের শুরুতে কিছুটা সময় মোবাইল থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করেছেন তিনি। সকালে প্রাকৃতিক আলোয় সময় কাটানোও তাঁর দৈনন্দিন রুটিনের অংশ হয়েছে।
ক্যাটরিনার বক্তব্য, শরীরের পরিবর্তন জীবনের স্বাভাবিক অংশ। বিশেষ করে সন্তান জন্মের পর একজন নারীর শরীরে বদল আসতেই পারে। তাই সেই পরিবর্তন নিয়ে কটাক্ষ না করে নারীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের মানসিকভাবে সমর্থন করাই বেশি গুরুত্বপূর্ণ।
মাতৃত্বের পর নিজের শরীর ও জীবনযাত্রা নিয়ে ক্যাটরিনার এই খোলামেলা বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে অভিনেত্রীর ব্যক্তিগত পরিবর্তনের বিষয়টিকে।







