সকাল থেকে তৎপর সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এবার সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ভুয়ো এজেন্ট ধরলেন কেশবপুরে।কেশবপুরে বুথের বাইরে ভুয়ো ভোটারকে কলার ধরে ধাক্কা দেন সিপিএম প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে।
তারপরেই সেলিমের বিরূদ্ধে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন তাঁরা। রীতিমতো সেখান থেকে প্রার্থীকে বের করে নিয়ে নিয়ে আসেন পুলিশ আধিকারিকেরা। সকাল থেকেই অশান্তির ছবি ধরা পড়েছে প্রার্থীর এলাকায়।
সকালে অভিযোগ আসতে শুরু করে গোপীনাথপুরে একাধিক বুথে সিপিএমের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না। এবং খবর পেয়েই গোপীনাথপুরের বুথে উপস্থিত হন মহম্মদ সেলিম।সেখানে গিয়ে বুথ থেকে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন প্রার্থী। সেলিম অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস তাঁদের প্রার্থীর এজেন্টের কাগজ কেড়ে নিয়ে ভুয়ো এজেন্ট বসিয়েছে পাশাপাশি পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ গ্রেফতার করছে না তাদেরকে। এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি পর্যন্ত শুরু করেন সেলিম।







