সন্দেশখালি ইস্যুতে লাগাতার ‘ব্যাকফুটে’ এসেছে রাজ্য বিজেপি। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ শানালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর এই মন্তব্য নিয়েই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
উল্লেখ্য, রাতের অন্ধকারে ফের সন্দেশখালিতে মহিলা নিগ্রহের অভিযোগ উঠেছে। বুধবার রাতে গ্রামের এক মহিলাকে টেনে হিঁচড়ে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ প্রকাশ্যে।
সন্দেশখালিকাণ্ডে দুটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসতেই নাম জড়িয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। এক সংবাদমাধ্যমের ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, ২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেন রেখা। পরবর্তীতে, এক স্থানীয় গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যার দরুন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখা।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উবাচ, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কত টাকায় বিক্রি হন? আপনার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দেন। আপনার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সেই রেশন। আপনার রেট ১০ লক্ষ টাকা কেন? আপনি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করেন বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন। সেজন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন!’ যার প্রেক্ষিতে পালটা সরব বিরোধীরাও।







