সকাল সকাল রেললাইনে বিপত্তি! রেললাইনে ফাটল দেখা দেওয়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালে ভ্যাবলা স্টেশনের কাছে এই ফাটল নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। শুরু হয়েছে লাইন মেরামতির কাজ। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। ফলে ব্যস্ত অফিসের সময়ে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে একটি ট্রেন ভ্যাবলা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই রেললাইনের দিক থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ট্রেনটি চলে যাওয়ার পরই লাইনে ফাটল দেখতে পান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেলকর্মীরা। শুরু হয় জরুরি ভিত্তিতে মেরামতির কাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসত জিআরপির আধিকারিকরাও।
রেললাইনে ফাটলের খবর ছড়িয়ে পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদহ-হাসনাবাদ শাখার একাধিক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। আপ ও ডাউন, দুই লাইনেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। তবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই শাখার উপর প্রতিদিন নির্ভর করেন অসংখ্য নিত্যযাত্রী। হাসনাবাদ, বসিরহাট, সন্দেশখালি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কলকাতা ও শহরতলিতে যাতায়াতের জন্য এই রেলপথ ব্যবহার করেন। বিশেষ করে অফিসের সময় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থলে পৌঁছনো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বহু মানুষ। কখন ট্রেন চলবে, সেই অপেক্ষায় স্টেশনগুলিতে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সময়মতো রেললাইনের ফাটল নজরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত শিয়ালদহ-হাসনাবাদ শাখায় পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষাতেই থাকতে হবে যাত্রীদের।







