পুজোর আগে রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস। তবে সব জায়গায় একসঙ্গে নামবে না জল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরেই গরম ও অস্বস্তির সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ:
আজ, রবিবার এবং কাল, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা।
সোমবার ও মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা সামান্য কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই আলাদা। আজ ও কাল দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এই প্রবণতা।
দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় পুজোর দিনগুলোতে বৃষ্টি কতটা হবে। তবে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভিজবে বিক্ষিপ্তভাবে, উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকার আশঙ্কা।
ফলে দুর্গাপুজোর আগে আবহাওয়ার অস্থিরতা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যবাসীর।







