জেলা

বারুইপুর কাণ্ডে কড়া বার্তা, ‘অভিযুক্তদের কাউকেই ছাড়া হবে না’, নির্যাতিতার পরিবারের পাশে বিজেপি প্রতিনিধি দল

বারুইপুরে নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের আগেই সোমবার সকালে অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুরে পৌঁছায়। সেখানে তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেয়। একইসঙ্গে ঘটনাকে গুরুত্ব দিয়ে জাতীয় মহিলা কমিশনও স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে। কমিশনের পক্ষ থেকে রাজ্যের ডিজিপির কাছে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকালে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই ধপধপি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা মৃতদেহ রেখে পথ অবরোধ করেন এবং রেল চলাচলও ব্যাহত করেন। ঘটনার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তাঁর নির্দেশে সেদিনই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে এবং প্রয়োজন হলে মৃত্যুদণ্ডের দাবিও জানানো হবে।

একই সুর শোনা যায় অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্যাতিতার পরিবার সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছে। পাশাপাশি অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, নারী নির্যাতনের মতো ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তদন্তে পুলিশ বা প্রশাসনের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.