সকলেই শীতের অপেক্ষায় রয়েছে। দুর্গাপূজো কালীপুজো শেষ হতেই ঠান্ডার আমেজ শুরু হয়ে যায়। তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম যেন কাটছে না। তাই এখন সকলের মনে প্রশ্ন কবে আসবে শীত?
শেষ হতে চলল নভেম্বরের প্রথম সপ্তাহ? এমনকি রাতে-ভোরে হেমন্তের শিরশিরানি আছে। তবে বেলা বাড়তেই সূর্যের তাপে হাপিয়ে উঠছে সকলে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তন হতে পারে নভেম্বরের মাঝামাঝির সময়। এছাড়াও চলতি মাসের ২৫ তারিখের উত্তরের হাওয়া প্রবেশের ফলে পরিবেশ অনেকটাই অনুকূল হবে।
পাশাপাশি নভেম্বরের শেষের দিকে তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ কমতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে থাকতে পারে শুষ্ক আবহাওয়া। একেবারে ভোরের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি থাকে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশও দেখা যায়। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূলের তিন জেলা-পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
এছাড়াও রবিবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। এমনকি শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।





