বিদেশবিনোদন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে উত্তাল পরিস্থিতি, অনুষ্ঠান বাতিল করলেন আরমান খান—‘আর কোনওদিন পদ্মাপাড়ে পা রাখব না’

দ্বেষের আগুনে ফের অশান্ত বাংলাদেশ। ময়মনসিংহে কট্টরপন্থীদের হামলায় দীপু দাস নামে এক সংখ্যালঘু হিন্দু যুবকের নৃশংস হত্যার অভিযোগ ঘিরে শিউরে উঠেছে আন্তর্জাতিক মহল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গণপিটুনির পর জনসমক্ষে তাঁর দেহে আগুন ধরানো হয়। এই ঘটনার পরই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সে দেশের একাধিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান খান। রশিদপুত্রের কড়া বার্তা—“আর কোনওদিন বাংলাদেশের মাটিতে পা রাখব না।”

দিন কয়েক ধরেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষাপটে আরমান খান বলেন, “দুটি বিষয় আমাকে গভীরভাবে আহত করেছে। এক—হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে, তা ভীষণ অনৈতিক। দুই—বাদ্যযন্ত্র ভাঙচুর। একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমার বিশ্বাস, মা সরস্বতীর বাস আমাদের বাদ্যযন্ত্রে। পুজোর সময়ে আমরা সেগুলি মায়ের পায়ে অর্পণ করি। সেখানে আঘাত মানে আমাদের সবার অপমান।” তাঁর অভিযোগ, এহেন ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গীতশিল্পীদের নীরবতাও বেদনাদায়ক।

আরমানের আরও সংযোজন, “যেভাবে হিংসা চলছে, তাতে সাধারণ মানুষ আর সন্ত্রাসবাদীদের মধ্যে ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে ভাবতে না পারলে এই হিংসা থামবে না। এই মানসিকতা থাকলে বাংলাদেশ কোনওদিন উন্নত দেশ হতে পারবে না।” তাঁর মতে, লাগাতার ভারতবিদ্বেষ ও সংখ্যালঘু নির্যাতনের জেরে দুই দেশের শিল্পীদের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় কার্যত মুখ থুবড়ে পড়ছে। “পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতিও আমরা এমনটাই দেখেছি। এবার বাংলাদেশ নিজের কবর নিজেই খুঁড়ল,” মন্তব্য তাঁর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে অশান্তি ছড়ায় বলে অভিযোগ। সেই হিংসার রোষ গিয়ে পড়ে ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু দাসের উপর। গত দু’বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত দীপুকে বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ বিক্ষোভকারীরা টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে গণপিটুনি দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর দেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে, আর সেই প্রতিবাদের সুরে এবার সরব হলেন জনপ্রিয় শিল্পীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.