দেরিতে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা যেন কাটছেই না। চলতি জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বেশ খানিকটা ঘাটতি থেকেই যাবে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কি এই বর্ষায় ভারী বৃষ্টির মুখ দেখবে না দক্ষিণবঙ্গ?
আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মেঘলা থাকবে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এরপর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টি এখনই হবে না। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জোরালো নয়। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া।







