দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও সেভাবে দেখা নেই বৃষ্টির। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম অনুভূত হচ্ছে একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আগামী ২৭ বা ২৮ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
দক্ষিণবঙ্গের সর্বত্র এখনও বর্ষা ঢোকেনি। যেখানে ঢুকেছে সেখানে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। উল্টে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত হলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
পাশাপাশি আজ বৃষ্টি হবে না কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে। আপাতত আগামী তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না বললেই চলে। বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু দুর্বল থাকায় এই দশা।তবে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।







