জরুরি অবস্থা প্রসঙ্গে ফের কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর। আজ অর্থাৎ মঙ্গলবার জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তি। অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশন আরম্ভ হওয়ার পূর্বে সকালে নিজস্ব এক্স হ্যান্ডলে একাধিক ট্যুইট করে জরুরি অবস্থার ‘কালো দিনের’ কথা স্মরণ করিয়ে দেন মোদী।
প্রধানমন্ত্রীর উবাচ, ‘আজ সেই সমস্ত মহানদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন যারা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন। জরুরি অবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে কংগ্রেস পার্টি মৌলিক স্বাধীনতাকে ধ্বংস করেছিল এবং ভারতের সংবিধানকে পদদলিত করেছিল, যা প্রতিটি ভারতীয় গভীরভাবে শ্রদ্ধা করে।’
উল্লেখ্য, পঁচাত্তর সালের ২৫ জুন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়। সাময়িকভাবে সমস্ত নাগরিক অধিকার তুলে নেওয়া হয়। বিরোধী নেতাদের আটক করে জেলবন্দি করা হয়। সংবাদমাধ্যমের ওপরেও নজরদারি চলেছিল জোরদার। এই পরিস্থিতি চলেছিল টানা ২১ মাস। এই প্রসঙ্গ তুলেই আজ সরব হন প্রধানমন্ত্রী।







