অনুপম জানা, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে, পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদী মিছিল ও পথসভা।
অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাংলাভাষীদের উপর সন্ত্রাস চাপিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্থিক বঞ্চনা ও বাংলা ভাষা ও সংস্কৃতিকে লাগাতার অপমান করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের।
এই প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়, সঙ্গে ছিলেন মাদার তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে মিছিল ঘুরে বেড়ায় পাঁশকুড়ার বিভিন্ন এলাকা। শেষে পথসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় তৃণমূল।







