মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান করার রীতি বহুদিনের। কিন্তু নিজের মৃত্যুর অপেক্ষায় না থেকে বেঁচে থাকতেই শ্রাদ্ধের আয়োজন করে ফেললেন ৮০ বছরের এক বৃদ্ধ। শুধু নিজের শ্রাদ্ধানুষ্ঠানই নয়, গ্রামের প্রায় ৯০০ জনকে নিমন্ত্রণ করে এলাহি খাওয়াদাওয়ার ব্যবস্থাও করলেন তিনি। এমনকী সামাজিক রীতি মেনে পরিবারের দায়িত্বও তুলে দিলেন ১০ বছরের নাতির হাতে। উত্তরপ্রদেশের বাগপতের এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে চর্চা।
ওই বৃদ্ধের নাম চৌধুরী বলজোর সিং। গত রবিবার, ১৫ নভেম্বর নিজের গ্রাম জোহরিতে ‘তেরহভিন’ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। উত্তর ভারতের হিন্দু সমাজে কারও মৃত্যুর ১৩তম দিনে এই অনুষ্ঠান পালনের প্রচলন রয়েছে। বাংলার শ্রাদ্ধানুষ্ঠানের সঙ্গে এই রীতির বেশ কিছু মিল রয়েছে। তবে বলজোরের ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। কারণ, তিনি জীবিত থাকতেই নিজের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
**কেন এমন সিদ্ধান্ত নিলেন বলজোর?**
বলজোর সিংয়ের কথায়, মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে পরিবারের সদস্যদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত। তাঁর ইচ্ছা ছিল, জীবিত অবস্থাতেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের একসঙ্গে দেখতে পাবেন। পাশাপাশি তাঁর অবর্তমানে শ্রাদ্ধের আয়োজন বা খাওয়াদাওয়া নিয়ে পরিবারের সদস্যদের যাতে কারও কটূক্তি শুনতে না হয়, সেটাও নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি।
**৯০০ জনের জন্য এলাহি আয়োজন**
নিজের এই বিশেষ অনুষ্ঠানে জোহরি এবং আশপাশের গ্রামের প্রায় ৯০০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলজোর। অতিথিদের জন্য খাবারের তালিকায় ছিল পুরি, রায়তা, দু’রকমের তরকারি এবং লাড্ডু। ধুমধাম করেই সম্পন্ন হয় খাওয়াদাওয়ার আয়োজন।
তবে এখানেই শেষ নয়। অনুষ্ঠানের দিন সামাজিক রীতি মেনে ‘পাগড়ি’ পরানোর মাধ্যমে নিজের পরিবারের দায়িত্ব ১০ বছরের নাতি মুকুলের হাতে তুলে দেন বলজোর। তাঁর তিন মেয়ে এবং এক নাতি রয়েছে।
**পরিবারের উপর বোঝা চাপাতে চান না বৃদ্ধ**
বলজোরের নিজের নামে রয়েছে প্রায় দুই বিঘা জমি। জীবনের শেষ অধ্যায়ে এসে পরিবারের ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই পরিকল্পনা করে রাখতে চান তিনি। মৃত্যুর পর পরিবারের সদস্যদের উপর যেন অতিরিক্ত দায়িত্ব বা আয়োজনের চাপ না পড়ে, সেই ভাবনা থেকেই নিজের শ্রাদ্ধ নিজেই সেরে ফেললেন এই অশীতিপর বৃদ্ধ।
প্রচলিত সামাজিক রীতিকে জীবিত অবস্থায় অন্যভাবে পালন করে ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলজোর সিং। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে নানা মতামত। তবে নিজের মৃত্যুর পরের আয়োজন নিয়ে পরিবারের দুশ্চিন্তা কমাতে চাওয়াই যে তাঁর এই উদ্যোগের অন্যতম কারণ, তা স্পষ্ট করেছেন বৃদ্ধ নিজেই।







