৫ কোটি টাকার বিনিময়ে কি প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই এক বিস্ফোরক দাবিকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ভারতে এলেই বৃন্দাবনের আশ্রমে কোহলি-অনুষ্কার যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন—এটি কি শুধুই তাঁদের আস্থা ও ভক্তির কারণে, নাকি এর পিছনে রয়েছে আর্থিক লেনদেন? এবার সেই অভিযোগের সরাসরি জবাব দিল বিরাট কোহলির টিম।
ক্রিকেটের ব্যস্ততা না থাকলে সাধারণত লন্ডনেই সময় কাটান বিরাট কোহলি। তবে ভারতে এলেই তাঁকে বৃন্দাবনে যেতে দেখা যায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরদিনও প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন কোহলি ও অনুষ্কা। সেই সফর নিয়েই এবার বিস্ফোরক দাবি করেছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দীনেশ শর্মা, যিনি ফলাহারি মহারাজ নামেও পরিচিত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফলাহারি মহারাজের দাবি, ৫ কোটি টাকার বিনিময়েই নাকি প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন কোহলি। তাঁর আরও দাবি, রাজস্থানের একটি বেসরকারি সংস্থা এবং এক আবাসন ব্যবসায়ী এই অর্থ ব্যয় করেছিলেন। যদিও এই দাবির সমর্থনে এখনও কোনও নথি বা চুক্তি প্রকাশ্যে আনা হয়নি।
এদিকে, অভিযোগ সামনে আসতেই তা সম্পূর্ণ খারিজ করেছে কোহলির টিম। টিমের তরফে জানানো হয়েছে, ফলাহারি মহারাজের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া। কোহলি প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান শুধুমাত্র তাঁর প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই। একইসঙ্গে সংবাদমাধ্যমকে এমন দাবি প্রকাশের আগে তথ্য যাচাই করার আবেদনও জানানো হয়েছে।
বিরাট কোহলি কিংবা অনুষ্কা শর্মা কোনও অর্থ নিয়েছেন—এমন দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি। এমনকী অভিযোগকারীও তাঁর বক্তব্যের সমর্থনে কোনও নথি প্রকাশ করেননি। ফলে আপাতত পুরো বিষয়টিই একটি অভিযোগের পর্যায়ে রয়েছে, যার সত্যতা প্রমাণিত হয়নি। ইতিমধ্যেই নেটদুনিয়ার একাংশের দাবি, প্রেমানন্দ মহারাজ এবং কোহলি-অনুষ্কার ভাবমূর্তি নষ্ট করতেই এমন ভিত্তিহীন প্রচার করা হচ্ছে।







